অনলাইন ডেস্ক:
স্পর্শকাতর মামলার দ্রুত তদন্ত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
রোববার ঝিনাইদহ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে ঝিনাইদহ পুলিশ সুপার মাহফুজ আফজাল আনুষ্ঠানিকভাবে ওসি জেল্লাল হোসেনের হাতে সম্মাননা তুলে দেন। এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
জানা গেছে, ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনের মধ্যে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে বিবেচিত। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে এ আসনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ওসি জেল্লাল হোসেনের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ সৃষ্টি করা হয়।
এছাড়াও, কালীগঞ্জে আলোচিত শিশু তাবাসসুম ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো সংবেদনশীল মামলায় দ্রুততম সময়ে রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে সফলতা দেখায় পুলিশ। এ ঘটনায় ওসি জেল্লাল হোসেনের নেতৃত্ব বিশেষভাবে প্রশংসিত হয়।
সার্বিকভাবে আইনশৃঙ্খলা রক্ষা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি জেল্লাল হোসেন বলেন, “দায়িত্ব পালনে কখনো পিছপা হইনি। ভালো কাজের স্বীকৃতি পেলে অবশ্যই ভালো লাগে। আমার কাজের মূল্যায়ন করায় জেলা প্রশাসকের প্রতি আমি কৃতজ্ঞ।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাজে আরও উৎসাহ যোগাবে এবং জনসেবায় তাদের দায়িত্ববোধ বাড়াবে।