মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
দুনিয়ার পথে চলতে গিয়ে আমরা এক কঠিন সত্য ভুলে যাচ্ছি—এই পৃথিবী চিরস্থায়ী নয়। অথচ মানুষ অহংকারে, গর্বে এমনভাবে ডুবে আছে, যেন এই জীবন কখনো শেষ হবে না। ধন-সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা বা সামান্য জ্ঞান অর্জন করলেই আমরা ভাবি, আমরা শ্রেষ্ঠ। কিন্তু বাস্তবতা হলো, আমাদের জন্ম মাটির গর্ভ থেকে, আর গন্তব্যও সেই মাটি।
ইতিহাস সাক্ষ্য দেয়, অহংকার কখনো কারো মঙ্গল আনেনি। ফেরাউন ভেবেছিল তার শক্তি চিরস্থায়ী, নামরূদ ভেবেছিল তার ক্ষমতা অশেষ। কিন্তু আজ তারা কেবল ইতিহাসের পাতায়। দুনিয়ার কোনো সম্পদ, ক্ষমতা কিংবা গৌরব চিরস্থায়ী নয়। যা আজ আমাদের হাতে, কাল তা অন্যের।
ধর্মীয় শিক্ষায় অহংকার বড় গুনাহ। মহান আল্লাহ বলেছেন—“তিনি অহংকারীকে ভালোবাসেন না।” রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“যার অন্তরে সরিষা দানার পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।” তাই অহংকার শুধু মানবিক মূল্যবোধ নষ্ট করে না, বরং পরকালের জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনে।
তাহলে প্রশ্ন হলো—কিসের এত বড়াই? যে জীবন ক্ষণস্থায়ী, যে দেহ একদিন মাটির নিচে বিলীন হবে, তার জন্য এত অহংকার কেন? আমাদের ভাবতে হবে, দুনিয়া কেবল এক পরীক্ষা। এখানে যা অর্জন করি, সব ফুরিয়ে যাবে। থাকবে শুধু আমাদের কর্মফল।
অতএব, অহংকার ছেড়ে বিনয়ী হওয়াই হবে শ্রেষ্ঠ পথ। বিনয়ী মানুষই সমাজে সম্মানিত হয় এবং আল্লাহর কাছে প্রিয় হয়। আমাদের মনে রাখতে হবে—দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। তাই অহংকার নয়, বিনয় ও মানবিকতাই হোক আমাদের মূল পরিচয়।
আজই নিজেকে প্রশ্ন করুন—“কিসের এত বড়াই? কিসের এত অহংকার?” হয়তো উত্তর খুঁজে পেলে জীবন হবে সহজ এবং সুন্দর।
✍️মোঃ মকবুলার রহমান
সাংবাদিক সাপ্তাহিক অগ্রযাত্রা
নীলফামারী জেলা প্রতিনিধি ।