মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা ইউনিয়নের ধনিরামপুর সীমান্ত দিয়ে পাঁচজন সন্দেহভাজন ব্যক্তি দালালদের সহায়তায় বাংলাদেশে প্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের আসাম রাজ্যের তিস্তা সীমান্ত এলাকা পেরিয়ে তারা গঙ্গাধর নদী হয়ে প্রবেশ করে। ঘটনাটি জানাজানি হতেই স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং প্রশ্ন উঠতে থাকে—এই ব্যক্তিরা আদৌ বাংলাদেশের নাগরিক, নাকি অন্য দেশের?
স্থানীয়দের ভাষ্যমতে, সীমান্তবর্তী ধনিরামপুর এলাকা নদীবেষ্টিত হওয়ায় সেখানে নেই কোনো কাঁটাতারের বেষ্টনী। এই সুযোগ কাজে লাগাচ্ছে সক্রিয় দালালচক্র। অভিযোগ রয়েছে, সবুজ মিয়া, মিজানুর রহমান ও ফজর আলী নামের তিন দালালের সহায়তায় ২ লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে ওই পাঁচজনকে নৌকায় করে সীমান্ত পার করিয়ে প্রথমে একটি পাটক্ষেতে, পরে একটি বাড়িতে আশ্রয় দেওয়া হয়।
খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে বিজিবিকে জানায়। পরে বিজিবির সদস্যরা এসে সবুজ মিয়ার নৌকায় করে পাঁচজনকে তরিরহাট ঘাটের দিকে নিয়ে যান। ঘাটে পৌঁছালে ইজারাদার সহিদুল ইসলাম ও গ্রাম পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারেন, তারা নিজেদের পরিচয় গোপন রেখে শুধু বলেছে—“ঢাকায় যাব।” যদিও তারা আধার কার্ড থাকার কথা বলেছে, তবে বৈধ কোনো পাসপোর্ট বা ভিসা তাদের কাছে ছিল না।
ঘটনার প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, তিনি নিজ চোখে ওই পাঁচজনের মোবাইলে ভারতীয় জাতীয় পরিচয়পত্রের ছবি দেখেছেন। তবে বিজিবি সদস্যরা দ্রুত তাদের সরিয়ে নেওয়ায় স্থানীয়রা আর কিছু জানতে পারেননি।
এদিকে অভিযুক্ত মিজানুর রহমান দাবি করেন, তিনি শুধু পথ দেখিয়ে দিয়েছেন। অপর অভিযুক্ত সবুজ মিয়া বলেন, “তারা আমার নৌকা পাঁচশ টাকায় ভাড়া নেয়, আমি শুধু তাদের নদী পার করে একটি চর এলাকায় নামিয়ে দিই।” ফজর আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও তার বড় ভাই দাবি করেন, এই পাঁচজনকে বিএসএফ পাঠিয়েছে এবং বিজিবি তা গ্রহণ করেছে।
তবে এ প্রসঙ্গে মাদারগঞ্জ বিজিবি ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার কিশোর জানান, তিনি এমন কোনো ঘটনার বিষয়ে অবগত নন। তাঁর ভাষ্য, টহল দল মাঠে থাকলেও কেউ বিষয়টি জানায়নি।
ঘটনার পর সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাপনা এবং বিজিবির ভূমিকা নিয়ে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে নিয়োজিত বাহিনীর নজরদারি যদি এমনই শিথিল হয়, তবে দেশের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ায়?