মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রাম পৌর শহরের সবুজ পাড়ার সুজামের মোড় এলাকায় সেনাবাহিনীর চালানো বিশেষ অভিযানে এক মণ গাঁজা এবং একটি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে রংপুর এরিয়ার ৭২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২২ বীর।
সেনা সূত্রে জানা গেছে, মাদক বহনের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সংশ্লিষ্ট চক্রের সদস্যরা। অভিযানের সময় উদ্ধার করা হয় বিপুল পরিমাণ গাঁজা ও একটি ডিসকভার মডেলের মোটরসাইকেল, যা মাদক পাচারে ব্যবহৃত হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান পরিচালনাকারী কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা মেজর শাহারিয়ার আহাদ জানান, “বিশ্বস্ত সূত্রে তথ্য পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। আমাদের উপস্থিতি বুঝতে পেরে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে অভিযান চলাকালে এক মণ গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।”
তিনি আরও জানান, এলাকায় মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সেনাবাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে।