সাব্বির অর্নব, নালিতাবাড়ী প্রতিনিধি:
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল কর্তৃক কুরআন অবমাননার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শেরপুরের নালিতাবাড়ী। শনিবার বিকেলে উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নে অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, ৪নং নায়াবিল ও ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়নের তাওহীদী জনতা।
স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, “অপূর্ব পাল যেভাবে মুসলিম জাতির পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআনকে অবমাননা করেছে, তা কোনোভাবেই সহ্য করা হবে না। এই ঘৃণ্য অপরাধীর বিচার না হলে দেশের তাওহীদী জনতা কঠোর আন্দোলনে নামবে।”
তারা আরও বলেন, “যে পায়ে কুরআনকে অবমাননা করা হয়েছে, সেই পায়ে বাংলার মাটিতে হাঁটার সুযোগ দেওয়া হবে না।”
সমাবেশে উপস্থিত ছিলেন— হেফাজতে ইসলাম বাংলাদেশ ৫নং রামচন্দ্রকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাখাওয়াত হোসেন মুহাদ্দিস (কালাকুমা মাদ্রাসা), সাধারণ সম্পাদক মুফতি ছামিদুল ইসলাম (মুহতামিম, বিশগিরিপাড়া আশরাফুল উলুম মাদ্রাসা), সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলমসহ ইউনিয়নের আলেম সমাজ ও হাজারো জনসাধারণ।
বিক্ষোভ শেষে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান— অপূর্ব পালের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।