বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এক পরিচিতি সভা ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এ সভা ও সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সদস্য সচিব আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
এ সময় জেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শাহজাহান আলম সিরাজসহ জেলা ও উপজেলা কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক সমাবেশে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রাজ্জাক রাব্বু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সদস্য সচিব আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি।
প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন, “কৃষকই জাতির মূল চালিকাশক্তি। কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষিবান্ধব নীতি প্রণয়নে কৃষক দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সরকারের আমলে কৃষকরা তাদের প্রাপ্য মূল্য পাচ্ছেন না। তাই কৃষকের অধিকার প্রতিষ্ঠায় কৃষক দলের কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সমাবেশ শেষে কৃষক দলের নেতারা স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।