স্টাফ রিপোর্টার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নে রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। বিএনপির অঙ্গসংগঠন শ্রমিকদলের স্থানীয় নেতা ও মনোহরপুর ইউপি সদস্য আব্দুল বারী মন্ডল দুই শতাধিক অনুসারীকে নিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
চ্যানেল টুয়েন্টিফোর সুত্রে জানা গেছে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে সদস্য ফরম পূরণের মধ্য দিয়ে তিনি ও তার সমর্থকরা এ দলে অন্তর্ভুক্ত হন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আসাদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনে জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (লেবু মাওলানা) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি আব্দুল হাসান।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে আব্দুল বারী মন্ডল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে তিনি পলাশবাড়ী উপজেলা শ্রমিকদলের যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন।
দল পরিবর্তনের বিষয়ে আব্দুল বারী মন্ডল বলেন, “ছোটবেলা থেকেই জামায়াতের আদর্শ ও কর্মপদ্ধতি আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আমি ও আমার সহযোগীরা নতুনভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এ প্রসঙ্গে পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমির আবু বক্কর সিদ্দিক বলেন, “আব্দুল বারী মন্ডল ও তার কর্মীরা আমাদের দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছেন। তাদের আগমন আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করবে।”