হাসানুজ্জামান সিদ্দিকী হাসান,
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি:
গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তা এলাকায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নীলফামারীর জলঢাকায় সাংবাদিকদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় থানা মোড় প্রেস ক্লাব চত্বরে প্রেস ক্লাব, স্থানীয় সাংবাদিক সংগঠন এবং কর্মরত সাংবাদিকদের যৌথ আয়োজনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
প্রেস ক্লাব সভাপতি আলহাজ্ব কামরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন—প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সাংবাদিক ফয়সাল মুরাদ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন, নিউজ ২৪ জেলা প্রতিনিধি রশিদুল ইসলাম শাহ, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক মাইদুল হাসান, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশীদ রিয়াদ, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, বাংলাদেশ প্রেস ক্লাব জলঢাকার সহ-সভাপতি মাহমুদুল হাসান, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, আইনি সহায়তা কেন্দ্র আসক সভাপতি আল আমিন, সাংবাদিক আল ইসলাম বিকল্পসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিন স্থানীয় চাঁদাবাজদের কর্মকাণ্ড নিয়ে লাইভ প্রচারের অল্প সময় পরই সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত হন। এ ন্যাক্কারজনক ঘটনায় তারা গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—প্রদানের দাবি করেন।
তারা আরও উল্লেখ করেন, সাম্প্রতিক বছরগুলোতে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। সাংবাদিক তুহিনসহ অতীতে নিহত সকল সাংবাদিকের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।