অনলাইন ডেস্ক
চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় লুকিয়ে থাকা ‘গুপ্ত স্বৈরাচার’ প্রতিহত করতে দলের মনোনীত একক প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দল যাকে প্রার্থী করবে, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই এখন সময়ের দাবি।
রোববার (২ নভেম্বর) লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে রাজধানীর গুলশানের একটি হোটেলে আয়োজিত বিএনপির প্রবাসী নেতাকর্মীদের সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় দলের ওয়েবসাইটে অনলাইন পেমেন্ট গেটওয়ের উদ্বোধনও করা হয়।
‘ধানের শীষ জিতলে গণতন্ত্র জিতবে’
তারেক রহমান বলেন, “বিএনপি যে প্রার্থীকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে সবাই কাজ করুন। নিজেদের মধ্যে কোনো বিভেদ বা প্রতিযোগিতা এমনভাবে বাড়াবেন না, যাতে প্রতিপক্ষ তার সুযোগ নেয়।”
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “মনে রাখবেন, ধানের শীষ জিতলে আপনি জিতবেন, বিজয়ী হবে দেশ, বিজয়ী হবে গণতন্ত্র। শহীদ জিয়ার আদর্শ ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বই আমাদের প্রেরণা। স্বাধীনতার ঘোষকের প্রতি অসম্মান বা গণতন্ত্রের জননীকে অবমূল্যায়ন করার মতো আচরণ থেকে বিরত থাকুন।”
বক্তব্যের শেষে তিনি স্লোগান দেন— “ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলে-মিশে।”
মনোনয়ন প্রায় চূড়ান্ত, শরিকদেরও সুযোগ
আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে তারেক রহমান জানান, বিএনপি ইতোমধ্যে ৩০০ আসনে দলীয় ও সমর্থিত প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, “যেসব রাজনৈতিক দল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে আমাদের সঙ্গে ছিল, তাদের যোগ্য প্রার্থীদেরও বিএনপি সমর্থন দিতে পারে। তাই কেউ মনোনয়ন না পেলে দলীয় সিদ্ধান্তকেই প্রাধান্য দিতে হবে— কারণ ব্যক্তির চেয়ে দল বড়।”
প্রযুক্তিতে অগ্রগতি জরুরি: ফখরুল
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “এখন প্রযুক্তির যুগ—ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় চলছে। তাই দ্রুত প্রযুক্তি রপ্ত করে সংগঠনকে আধুনিক রূপ দিতে হবে।”
তিনি ডিজিটাল কার্যক্রমে আরও গতিশীলতা আনতে দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।