মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামে মা–মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রসিকলাল মন্দির সংলগ্ন তাদের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—সুমিলা রানী (৪০) এবং তার মেয়ে শাপলা (২০)। স্থানীয়দের জানামতে, শাপলা ছিলেন প্রতিবন্ধী এবং মা–মেয়ে বহুদিন ধরে ওই বাড়িতে একাই বসবাস করতেন।
প্রতিবেশীরা জানান, কয়েকদিন ধরে তাদের কোনো খোঁজ-খবর না মেলায় সন্দেহ জাগে। এদিন বিকেলে এক এনজিও কর্মী কিস্তি সংগ্রহ করতে গিয়ে বাড়ির পাশে তীব্র দুর্গন্ধ পান এবং স্থানীয়দের খবর দেন। পরে গ্রামবাসীরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে মা–মেয়ের অর্ধগলিত লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দেন।
ভুল্লী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে ভুল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) দীন মোহাম্মদ জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।