মোঃ মোস্তাফিজুর রহমান সুজন, চিলাহাটি (ডোমার) প্রতিনিধিঃ
“দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া”— কবির এই কথাটি যেন একেবারে সত্য হয়ে ধরা দিয়েছে চিলাহাটির মানুষের চোখে।
দূর পাহাড়ে না গিয়েও এখন চিলাহাটি থেকেই দেখা যাচ্ছে মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা। গত কয়েকদিনের পরিষ্কার আকাশে সকালে ও বিকেলে স্পষ্টভাবে দেখা মিলছে এই তুষারাচ্ছন্ন পর্বতের শুভ্র শিখর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য। অনেকেই মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করে শেয়ার করছেন, কেউ লিখছেন কবিতা, কেউবা মুগ্ধতার মন্তব্য।
স্থানীয়রা জানান, এত স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা খুব একটা সাধারণ ঘটনা নয়। প্রকৃতির এমন অপার সৌন্দর্য দেখে অনেকেই বলছেন—
“দূর দেশ নয়, সৌন্দর্য আসলে আমাদের আশেপাশেই।”
গত মঙ্গলবার থেকে আবহাওয়া পরিষ্কার থাকায় সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার শুভ্র রূপ দেখা যাচ্ছে চিলাহাটি থেকে।
প্রকৃতিপ্রেমীদের কাছে এটি এখন এক অনন্য অভিজ্ঞতা হয়ে উঠেছে।