
স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজে রবিবার (২১ সেপ্টেম্বর) নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রঙিন সাজসজ্জা আর উৎসবমুখর পরিবেশে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিবের নেতৃত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ডা. মাফরুহা রহমান নবীনদের উদ্দেশে বলেন,
“তোমরা শুধু শিক্ষার্থী নও, তোমরাই এ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম আর মেধার মাধ্যমে তোমরা এই কলেজকে আরও এগিয়ে নিয়ে যাবে।” তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব তার বক্তব্যে কলেজের সার্বিক অগ্রগতি তুলে ধরে বলেন,
“আমরা কেবল সিলেবাস শেষ করার মধ্যে সীমাবদ্ধ নই, বরং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক বিকাশে সমান গুরুত্ব দেই।” তিনি নতুন শিক্ষার্থীদের কলেজ পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানান।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোজাফফর হোসেন ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ.কে.এম আরিফুজ্জামান।
এ ছাড়া বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, খান মারুফ সামদানি, নিখিল কুমার কুণ্ডু প্রমুখ। উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য ওমর কাজী, হোসনেয়ারা ইসলাম, রিপন খান, শওকত হোসেন, কামাল হোসেনসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা।