✍️ হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় ২০২৫ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের স্মরণে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিএমআই কলেজ) প্রাঙ্গণে আমলকী চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি জায়িদ ইমরুল মোজাক্কিন। তিনি কলেজ চত্বরে একটি আমলকী গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ মহতী কর্মসূচির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে ইউএনও জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, “জলঢাকায় জুলাই-আগস্ট আন্দোলনে আহত ২৪ জনের নাম সরকারি গেজেটে অন্তর্ভুক্ত রয়েছে। সেই অনুযায়ী, আহতদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেলা প্রশাসনের উদ্যোগে ২৪টি আমলকী গাছের চারা রোপণ করা হবে। এটি একদিকে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবে, অন্যদিকে নতুন প্রজন্মের মাঝে ইতিহাস চর্চার আগ্রহও জাগাবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম সারোয়ার রাব্বি এবং সহকারী শিক্ষা অফিসার আনোয়ারুর হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিএমআই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজার রহমান, প্রভাষক হালিমুর রহমান, মশিউর রহমান, আব্দুল করিম, জাহিদ ইকবাল, ধনপতি রায়, নুরে আলম সিদ্দিকী, সাজেদুর রহমান এবং বিএমআই স্কুলের ইনচার্জ জিয়া প্রমুখ।
এই কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা দেখা গেছে। উদ্যোগটি স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে বলেও জানা গেছে।