মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে রাজধানীর একটি হাসপাতালে যান।
শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেলে মির্জা ফখরুল ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান।
প্রসঙ্গত, একই দিন দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক জাতীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাৎক্ষণিকভাবে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তিনি বর্তমানে পর্যবেক্ষণে আছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিএনপি মহাসচিবের এই হাসপাতালে সফর রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক ভিন্নমত থাকা সত্ত্বেও মানবিক মূল্যবোধের জায়গা থেকে এই ধরনের সৌজন্য সাক্ষাৎকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।