মোঃ ফজলুল কবির গামা,ঝিনাইদহ বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামে পরকীয়ার জেরে এক শ্বশুর খুনের ঘটনা ঘটেছে। নিহতের নাম মোঃ ইসহাক (৭০)। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ অক্টোবর (২০২৫) সকালে প্রায় ৬টার দিকে স্থানীয়রা ইসহাকের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে ঝিনাইদহের পুলিশ সুপারসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার পর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় জানতে পারে, ইসহাকের ছোট ছেলের স্ত্রী নয়নতারার পরকীয়া সম্পর্ক রয়েছে প্রতিবেশী রওশন নামের এক যুবকের সঙ্গে।
তদন্তে নয়নতারাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন যে, শ্বশুর ইসহাক পরকীয়া সম্পর্কটি দেখে ফেলায় প্রেমিক রওশন তাকে হত্যা করে।
পুলিশের ভাষ্যমতে, নিহত ইসহাকের দুই ছেলে—বড় ছেলে জুলহক একজন কৃষক এবং ছোট ছেলে মিলন চা বিক্রেতা। তারা কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ নিশ্চিত হয়েছে, পারিবারিক ও পরকীয়াজনিত কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।