মোঃ মকবুলার রহমান, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুরী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক কর্মী সমাবেশ সোমবার (১৩ অক্টোবর) বিকেলে একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেয়াজুল ইসলাম (কালু)। তিনি বলেন, “বিএনপি যখন রাষ্ট্রক্ষমতায় ছিল, তখন গ্রামীণ উন্নয়ন, শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে। গোসাইগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা, মুক্তির হাট থেকে বিওপি বাজার পর্যন্ত সড়ক পাকা করা এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া—এসব উন্নয়ন কর্মকাণ্ডের সুফল আজও জনগণ ভোগ করছে।”
বক্তারা বলেন, আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে তৃণমূলের ঐক্যই হবে সফলতার মূল চাবিকাঠি। স্বাধীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান তারা।
সমাবেশে আরও বলা হয়, দেশের গণতন্ত্র ও উন্নয়ন কার্যক্রমকে সঠিক পথে ফিরিয়ে আনতে জনগণের শক্ত সমর্থন অপরিহার্য। বক্তারা আহ্বান জানান—আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন। সমাবেশের সঞ্চালনা করেন ভোগডাবুরী ইউনিয়ন যুবদলের সভাপতি আবু ওয়াজেদ (জার্মান)।