মোঃ মোস্তাফিজুর রহমান সুজন,চিলাহাটি (ডোমার) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (২১ নভেম্বর) সকালে একটি র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে চিলাহাটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারীরা চিলাহাটি ডাকবাংলোর হলরুমে আলোচনা সভায় যোগ দেন। সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত মমিনুল হক লুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মানিক, কোষাধ্যক্ষ আহসান হাবীব লিপন এবং উপদেষ্টা অনারি ক্যাপ্টেন জাকারিয়া প্রমুখ।
বক্তারা বলেন, সশস্ত্র দিবস যথাযথভাবে পালন করার পাশাপাশি চিলাহাটিতে একটি সক্রিয় ও কার্যকর সংগঠন গড়ে তুলতে হবে, যার মাধ্যমে এলাকার অসহায়, দুঃস্থ, অসুস্থ ও বিভিন্ন শ্রেণী–পেশার মানুষের পাশে দাঁড়ানো যাবে। পাশাপাশি অবসরপ্রাপ্ত সৈনিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত খোঁজখবর নেওয়া এবং প্রতিদিন সংগঠনের অফিসে বসার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সুস্বাস্থ্য এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া করা হয়।