মোঃ নাসির উদ্দিন
স্টাফ রিপোর্টার রাজশাহী
রাজশাহীর তানোর উপজেলায় মায়ের কাটা আমের বঁটির ওপর পড়ে প্রাণ হারিয়েছে দুই বছরের শিশু রউফা রুক্কা। মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে পাঁচন্দর ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
শিশুটির স্বজনরা জানিয়েছেন, ঘটনার সময় বাড়ির উঠানে বসে মা হাওয়া বেগম আম কেটে খাচ্ছিলেন আর তার পাশে বসেছিল ছোট্ট রউফা। একসময় শিশু কোল থেকে নামতে গিয়ে নিচে রাখা ধারালো বঁটির ওপর পড়ে যায় এবং বঁটির ফলা তার বুকে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এটি সম্পূর্ণ দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ করা হয়নি। আইনানুগ প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।