মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
তিস্তা নদীভিত্তিক বহু প্রতীক্ষিত মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ দ্রুতই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ও পরিবেশ আন্দোলনের অন্যতম মুখ অ্যাডভোকেট সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, প্রকল্পটি এগিয়ে নিতে চীন সরকারের সঙ্গে নতুন করে জোরালো আলোচনা চলছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে খিতাবখাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তিস্তার বাম তীরে পূর্ব সতর্কতামূলক সংরক্ষণ কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, "তিস্তা নদীর ভবিষ্যৎ নির্ভর করছে উজানের দেশের পানির ওপর। ২০১১ সালে ভারতের সঙ্গে পানি বণ্টন চুক্তির চেষ্টা হয়েছিল, কিন্তু তা আলোর মুখ দেখেনি। পরে ২০১৬ সালে চীনের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয় এবং একটি প্রস্তাবিত মহাপরিকল্পনা প্রণয়ন করা হয়, তবে তা বাস্তবায়ন এগোয়নি। বর্তমান সরকার প্রকল্পটি কার্যকর করতে নতুনভাবে উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে পাঁচটি গণশুনানি আয়োজনের মাধ্যমে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে একটি বাস্তবসম্মত পরিকল্পনা তৈরি করা হয়েছে।"
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এনায়েত উল্লাহ, উত্তরাঞ্চলের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান, কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ প্রমুখ।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, রাজারহাট ও উলিপুর উপজেলার তিস্তা নদীর বাম তীর ঘেঁষা ২৪টি পয়েন্টে পূর্ব সতর্কতামূলক সংরক্ষণ কাজ চলমান রয়েছে, যার ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি টাকা। প্রকল্পটির প্রায় ৮০ শতাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, এই প্রকল্প বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের বিস্তীর্ণ জনপদ বন্যা ও নদীভাঙনের ঝুঁকি থেকে রক্ষা পাবে। একইসঙ্গে দেশের জন্য একটি টেকসই ও সমন্বিত নদী ব্যবস্থাপনার পথ উন্মোচিত হবে।