মোঃ জয়নাল আবেদীন, স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
”আমার সন্তানদের দেখে রেখো, আমি সত্যি তোমাকে অনেক ভালবাসতাম। আমি অপরাধী বটে কিন্তু তুমি যে অপবাদ দিয়েছো আমি নাকি চরিত্রহীন, বিশ্বাস কর আল্লাহর কসম করে বলছি আমি তোমাকে ছাড়া আর কোর নারীকে স্পর্শ করিনি- সুসাইড নোটে এমনটাই লিখে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী’র সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে।
শুক্রবার (৭নভেম্বর) সন্ধ্যায় রাণীশংকৈল পৌরশহরের শান্তিপুর এলাকার তার ভাড়ায় থাকা বাড়ি থেকে তরিকুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তরিকুল সিরাজগঞ্জ সদর উপজেলার দত্তবাড়ি এলাকার দুলাল হোসেনের ছেলে। ড্রাগ ইন্টারন্যাশনাল ঔষুধ কোম্পানির চাকুরীর সুবাদে তরিকুল ও তার স্ত্রী শান্তিপুরে ভাড়া বাড়িতে থাকতো।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, দীর্ঘদিন স্ত্রীর সন্দেহের জের ধরে তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলছিল। এ ঘটনায় সন্ধ্যায় তরিকুল স্ত্রীর উপর অভিমান করে বাড়ির সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। প্রতিবেশীরা জানতে পেরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তরিকুলের ঝুলন্ত মরদেহ ও একটি সুইসাইট নোট উদ্ধার করে ।
এসময় তরিকুলের স্ত্রী আশা বেগম তার ভাইয়ের সাথে কান্না জড়িত কন্ঠে বলেন, এটা সে কি কাজ করলো এর আগে তাকে জুতো দিয়ে পিটিয়েছি তার পরেও সে এমন কাজ করেনি। আজতো শুধু ঝগড়া করেছি এজন্য সে এমন কাজ করতে পারলো!
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ মোঃ আরশেদুল হক মুঠোফোনে বলেন, লাশের প্রাথমিক সুরতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।