মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
দারিদ্র্যপীড়িত দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানে প্রযুক্তির এক নতুন যুগের সূচনা হতে চলেছে—সৌরশক্তি চালিত, ট্র্যাকবিহীন ও টিকিটমুক্ত আধুনিক ট্রামের মাধ্যমে। দেশটির গুরুত্বপূর্ণ শহর লাহোরে শুরু হয়েছে এ ট্রামের পরীক্ষামূলক চলাচল।
গত সোমবার দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের বরাত দিয়ে দি ডেইলি স্টার বাংলা এক প্রতিবেদনে জানায়, চীনের সহায়তায় তৈরি এই ট্রাম চলবে আধুনিক জিপিএস প্রযুক্তি ও ডিজিটাল ম্যাপিং ব্যবস্থার মাধ্যমে, ফলে প্রচলিত রেললাইন বা ট্র্যাকের প্রয়োজন পড়বে না।
এই বিদ্যুৎচালিত ট্রাম সৌরশক্তি থেকে সংগৃহীত শক্তিতে চলবে এবং এতে ব্যাটারির মাধ্যমে শক্তি সংরক্ষণের ব্যবস্থাও রয়েছে। লাহোর বিমানবন্দরের নিকটে এর প্রাথমিক ট্রায়াল ইতোমধ্যে শুরু হয়েছে।
চীনা ও পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষামূলক উদ্বোধনের এই আয়োজনকে দক্ষিণ এশিয়ায় পরিবহন খাতে একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
পাকিস্তানের গণপরিবহন বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “এটি শুধু ট্রামের ট্রায়াল নয়; বরং পাঞ্জাব প্রদেশের ভবিষ্যৎ গণপরিবহন কাঠামোরও সূচনার পরীক্ষা।”
সম্প্রতি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজ পরিবহন খাতে এক পাঁচ বছর মেয়াদি মহাপরিকল্পনা অনুমোদন দিয়েছেন। ওই পরিকল্পনা অনুযায়ী, প্রদেশটির অন্তত ৩০টি শহরে আধুনিক, স্বয়ংক্রিয় ও টেকসই গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়, প্রাথমিকভাবে লাহোর, ফয়সালাবাদ এবং গুজরানওয়ালা শহরের মধ্যে চলবে এই ট্রাম। প্রতিটি ট্রিপে প্রায় ২৫০ থেকে ৩০০ যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে।
পরিকল্পনা অনুযায়ী, আগামী চার বছরে ধাপে ধাপে মোট ৩০টি শহরে এই সেবা সম্প্রসারিত হবে। প্রতি ধাপে ১০টি করে শহর যুক্ত করা হবে এই সংযুক্ত ট্রামপথে।
পরীক্ষামূলক চলাচল সফল হলে ২০২৬ সালের শুরুতে ট্রামটি আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহন শুরু করবে। পরবর্তী ধাপে রাজধানী ইসলামাবাদ, বন্দরনগরী করাচি, এবং সামরিক গুরুত্বপূর্ণ শহর রাওয়ালপিন্ডিতেও চালু হবে এই সুবিধা।
এটি শুধু পাকিস্তানের নয়, বরং গোটা দক্ষিণ এশিয়ার জন্য একটি স্মরণীয় প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।