বিমল কুমার রায়,
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ধানক্ষেত থেকে রত্না নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সুলতানা আক্তার রত্না উপজেলার সদর ইউনিয়নের মাঝাপাড়া এলাকার রবিউল ইসলামের মেয়ে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের খবর পেয়ে মাধবপাড়া এলাকার ধানক্ষেত থেকে নিহত রুমার মরদেহ উদ্ধার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায়, রুমা দেবীগঞ্জ মহিলা কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত ছিলেন। গত রাত থেকে সে নিখোঁজ ছিল বলে জানা যায়।
স্থানীয়রা জানান, মরদেহের কাছে একটি কাপড়ের ব্যাগ পাওয়া যায় যার ভিতরে ছিল একটি পরনের কাপড় ও দুটি সেদ্ধ ডিম। তাঁর হাতে মোবাইল ফোনের একটি কাভারও পাওয়া যায় কিনতু মোবাইল ফোনের খোঁজ পাওয়া যায় নি।
নিহতের বড় ভাই মামুন ইসলাম বলেন, “আমি সকাল ছয়টায় বাসা থেকে কাজে যাই, সাতটার দিকে প্রতিবেশী কাওসার তার জমিতে আগাছানাশক দিতে গিয়ে মরদেহ দেখতে পায়। তার চিৎকারে আমি ছুটে গিয়ে দেখি, আমার বোনের লাশ।”
রত্নার বাবা রবিউল ইসলাম বলেন, “রাত ১২টায় বাসায় ফিরে মেয়ের হাতেই ভাত খাই। রাত দেড়টা পর্যন্ত আমি জেগে ছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেয়ের ঘরের দরজা খোলা এবং জানতে পারি মেয়ে ঘরে নেই। এর কিছুক্ষণ পরই খবর আসে, ধানক্ষেতে এক তরুণীর মরদেহ পাওয়া গেছে। গিয়ে দেখি, সেটা আমার মেয়ে।”
খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পুলিশের একটি সূত্র জানায়, রত্নার গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে শরীরে আর তেমন কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, “পুলিশের পাশাপাশি সিআইডি'র ক্রাইম সিন ইউনিট ও সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যেহেতু এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আমরা ঘটনাটি গভীরভাবে তদন্ত করছি। আশা করছি, দ্রুত প্রকৃত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।”