মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়ের দেবীগঞ্জে খড়ের গাদার নিচে চাপা পড়ে মো. শফিকুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার একটি গবাদিপশুও মারা গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর-তিস্তা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। সকালে তিনি গোয়ালঘর থেকে গরু বের করে বাড়ির পাশের খড়ের গাদার কাছে বেঁধে রাখছিলেন। হঠাৎ বড়সড় খড়ের গাদা ভেঙে তার ওপর ও গবাদি পশুর ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা দ্রুত খড় সরানোর চেষ্টা করলেও ততক্ষণে শফিকুল ইসলাম ও গবাদিপশুটি প্রাণ হারান। এ অঘটনে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, খবর পেয়ে সহকারী পুলিশ সুপার স্যামূয়েল সাংমার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।