নয়ন রহমান, বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এক আলেম ও ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় দেবীগঞ্জ বিজয় চত্বরে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
সমাবেশে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ মাওলানা আজিবুর রহমান। পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহাদাত হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল গনি বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তবারক হ্যাপি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বলেন “আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৯ সালের ৩০ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আলেম ওলামা দলের প্রতিষ্ঠা করেছিলেন। অথচ আজ যারা ইসলামের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা প্রকৃতপক্ষে কখনো ইসলাম বা দেশের কল্যাণের জন্য কাজ করেনি। তারা সবসময় ভ্রান্ত রাজনীতি করেছে।
আমাদের নেতা জিয়াউর রহমান পাকিস্তান থেকে আসা অনেককে আশ্রয় দিয়ে, নাগরিকত্ব দিয়ে ও স্নেহ দিয়ে মানুষ করেছেন। অথচ তারা সেই সুযোগকে কাজে লাগিয়ে আজকে ইসলামের নামে অপপ্রচার চালাচ্ছে। ২০১৮ সালের নির্বাচনে তারাই ধানের শীষের প্রতীক নিয়ে ভোট করেছে। অথচ এখন জনগণকে বিভ্রান্ত করতে জান্নাতের টিকিট দেওয়ার নামে ভোট ভিক্ষা করছে।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি এবং জাতীয়তাবাদী আলেম ওলামা দল ইসলামের সঠিক আদর্শ, সত্য ও ন্যায়ের পক্ষে রাজনীতি করে আসছে এবং ভবিষ্যতেও করবে।”