বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৫০০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় মোঃ ইমরান হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের প্রধানাবাদ গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ইমরানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে ট্যাপেন্ডাল ট্যাবলেট সহ তাকে আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি আইটেল ব্র্যান্ডের বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক এ.এস.এম. মঈনউদ্দীন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফসহ একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে। স্থানীয় দুইজন স্বাক্ষীর উপস্থিতিতে ইমরানের বাড়ির কক্ষ তল্লাশি চালিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারে রাখা লাল রঙের টিস্যু ব্যাগ থেকে ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মোঃ রেজওয়ানুল হক, রবিউল ইসলাম, মোঃ বেলাল হোসেনসহ সাতজন পুলিশ কনস্টেবল অংশ নেন।
জানা যায়, উদ্ধারকৃত ট্যাবলেট ও মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়েছে। আটক ইমরানকে দেবীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরের বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোয়েল রানা বলেন, "আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে"।