মোঃ মকবুলার রহমান, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ-এর আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে মাহে রমজানের রোজা। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়।
চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার পর থেকেই দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে শুরু হয়েছে এক আধ্যাত্মিক আবহ। আজ বুধবার বাদ এশা দেশের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হবে প্রথম তারাবির নামাজ। আর দিবাগত শেষ রাতে সাহরি গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে সিয়াম সাধনা।
রমজান মুসলিম উম্মাহর জন্য আত্মশুদ্ধি, সংযম ও আত্মত্যাগের মাস হিসেবে বিবেচিত। দীর্ঘ এগার মাসের গুনাহ ও পাপ থেকে মুক্ত হওয়ার বিশেষ সুযোগ এনে দেয় এই মাস। ধর্মীয় ভাবগাম্ভীর্যে ভরে ওঠে সমাজজীবন, বাড়ে দান-সদকা ও মানবিক সহমর্মিতা। পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে এক ধরনের নৈতিক পরিবর্তনের আবহ তৈরি হয়।
ইসলামী ভাবধারায় রমজানকে ইবাদতের বসন্তকাল বলা হয়। বিশ্বাস করা হয়, এ মাসে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ক্ষমা করার জন্য রহমতের দরজা উন্মুক্ত করে দেন। নফল ইবাদতের সওয়াব বৃদ্ধি পায় এবং একটি ফরজ আমলের মর্যাদা অন্য সময়ের বহু গুণ বেশি হয়ে থাকে।
ধর্মীয় অনুশাসন অনুযায়ী মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও সকল অপকর্ম থেকে বিরত থাকবেন। পাশাপাশি কোরআন তিলাওয়াত, দোয়া, দান-সদকা ও নৈতিক আচরণের চর্চার মাধ্যমে মাসব্যাপী আত্মসংযমের অনুশীলন করবেন।
এদিকে রমজানকে কেন্দ্র করে ইতোমধ্যে বাজার-ব্যবসা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে বিশেষ সময়সূচি অনুসরণের প্রস্তুতি শুরু হয়েছে। মুসলিম সমাজ আশা করছে, পবিত্র এই মাস ব্যক্তি ও সামষ্টিক জীবনে শান্তি, সহমর্মিতা ও নৈতিকতার চর্চা আরও জোরদার করবে।