এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
লাখাই উপজেলার বামৈ তিনপুল এলাকায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ। সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি সরেজমিনে গিয়ে স্থাপনার সত্যতা পেয়ে দখলদার হাবিবুর রহমান ওরফে হাবলু মিয়াকে তাৎক্ষণিকভাবে স্থাপনা সরানোর নির্দেশ দেন।
ঘটনাস্থলে ইউএনও’র সঙ্গে উপস্থিত ছিলেন বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক, লাখাই ভূমি অফিসের সার্ভেয়ার মানিক মিয়া, বামৈ তহশিলদার কৃপেন্দ্র চন্দ্র গোপ, স্থানীয় সাবেক মেম্বার আলাল উদ্দীন আলাল, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব আমীর আলীসহ শতাধিক গ্রামবাসী।
জানা যায়, সম্প্রতি হাবিবুর রহমান তিনপুল এলাকায় সরকারি খালের ওপরে একটি অবৈধ স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি গ্রামবাসীর নজরে এলে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়। এ ঘটনার পর বামৈ গ্রামবাসীরা রোববার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুকের সভাপতিত্বে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়—২৪ ঘণ্টার মধ্যে স্থাপনা অপসারণ না করা হলে গ্রামবাসীরা নিজেরাই তা ভেঙে ফেলবে।
এসময় জাতীয় দৈনিক ভোরের ডাক, স্থানীয় দৈনিক প্রভাকর ও অনলাইন পোর্টাল দৈনিক সীমান্তের আলোতে সংবাদ প্রকাশ হলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেয়।
পরে সোমবার ইউএনও অনুপম দাস অনুপ ঘটনাস্থলে গিয়ে হাবিবুর রহমানকে কঠোরভাবে নির্দেশনা দেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে স্থাপনা অপসারণ না করলে সরকারি বিধান অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে এবং স্থানীয়দের মধ্যে প্রশাসনের এমন দ্রুত ভূমিকা প্রশংসিত হয়েছে।