নয়ন রহমান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড়
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের নর্থ-স্টার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় আয়োজনটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক মো. আবু সায়েম।
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা তনবিরুজ্জামান রুবেল শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের শিক্ষক আবু বকর সিদ্দিক।
সভাপতিত্ব করেন পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মহবুব উল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি বিভিন্ন শ্রেণিতে ভালো ফলাফলকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট, বৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের শেষাংশে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। হাসি-উচ্ছ্বাসে ভরে ওঠে নর্থ-স্টার প্রাঙ্গণ।