নয়ন রহমান, (পঞ্চগড়) বিশেষ প্রতিনিধি:
দেবীগঞ্জ উপজেলায় নীলের কুটি সরকারের ধাম কালী মন্দিরে আজ থেকে শুরু হয়েছে দোল পূর্ণিমা উৎসব। আজ বিকেলে দেবীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী এই মন্দির প্রাঙ্গণে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উৎসব ঘিরে সকাল থেকেই মন্দির এলাকায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিকেলের পরপরই হাজারো মানুষের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা ও কীর্তনের মধ্য দিয়ে শুরু হয় দোল পূর্ণিমার আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি, ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ফরহাদ হোসেন আজাদ–এর নির্দেশে বিএনপির নেতা-কর্মীরা উৎসবে উপস্থিত হয়ে সার্বিক সহযোগিতা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখেন। তাঁরা ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সম্প্রীতির বার্তা দেন।
উৎসব উপলক্ষে মন্দির চত্বর ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, কয়েক দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে দোল পূর্ণিমা উৎসব উদ্যাপন করা হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিবছরের মতো এবারও উৎসবকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শান্তিপূর্ণ পরিবেশে উৎসব পালিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আগত ভক্ত ও দর্শনার্থীরা।