বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পঞ্চগড় জেলা কমিটির উদ্যোগে বিদ্যালয়সমূহের সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১২টায় জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পঞ্চগড় জেলা কমিটি। মানববন্ধনে জেলার ২৫ টি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পঞ্চগড় জেলার প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা অধিকার নিশ্চিত করতে এসব বিদ্যালয়ের সরকারি স্বীকৃতি ও এমপিওভুক্তি অত্যন্ত জরুরি। বক্তারা সরকারকে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান।
বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি মো. জহিরুল ইসলাম বলেন, “দীর্ঘদিন ধরে আমরা স্বীকৃতি ও এমপিওভুক্তির জন্য শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। এখন সময় হয়েছে সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে।”
এছাড়াও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, “আমাদের সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দক্ষ ও কর্মক্ষম জনশক্তি হিসেবে গড়ে তুলতে প্রতিবন্ধী বিদ্যালয়সমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অথচ এই প্রতিষ্ঠানগুলো এখনও সরকারি স্বীকৃতি ও নিয়মিত সরকারি অনুদান থেকে বঞ্চিত। আমরা চাই সরকার দ্রুত আমাদের দাবি বাস্তবায়নে এগিয়ে আসুক।”
বক্তারা আরও জানান, এ দাবি বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।