মোঃ মকবুলার রহমান, নিজস্ব প্রতিনিধি:
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে চলে আসা চরম অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ও নাজুক রোগীসেবা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এমন অভিযোগের প্রেক্ষিতে হাসপাতালটি পরিদর্শন করেছেন মোঃ সারজিস আলম। পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র সরেজমিনে দেখতে পান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায়, রোগীদের তুলনায় শয্যার সংখ্যা খুবই কম। অনেক রোগীকে বাধ্য হয়ে মেঝেতে বা করিডোরে অবস্থান করতে হচ্ছে। কোথাও কোথাও অপরিচ্ছন্ন পরিবেশ, ভাঙাচোরা অবকাঠামো এবং অগোছালো ব্যবস্থাপনার কারণে রোগী ও স্বজনদের দুর্ভোগ আরও বেড়ে গেছে।
বিশেষ করে হাসপাতালের টয়লেট ও বাথরুমগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। অনেক টয়লেট ও বাথরুমে তীব্র দুর্গন্ধ, অপরিষ্কার পরিবেশ ও ময়লা-আবর্জনা জমে থাকায় সেগুলো যেন ময়লার ভাগারে পরিণত হয়েছে বলে অভিযোগ করেন রোগী ও তাদের স্বজনরা। এমন পরিস্থিতিতে রোগীদের জন্য এগুলো ব্যবহার করাও অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে।
রোগী ও তাদের স্বজনরা আরও অভিযোগ করেন, হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও নার্স না থাকায় অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ে চিকিৎসক পাওয়া যায় না বলেও অভিযোগ রয়েছে। এছাড়া হাসপাতালের ফার্মেসিতে পর্যাপ্ত ওষুধ না থাকায় বাইরে থেকে বেশি দামে ওষুধ কিনতে বাধ্য হচ্ছেন রোগীরা।
পরিদর্শনের সময় সারজিস আলম রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন, একটি জেলার প্রধান সরকারি হাসপাতালের এমন বেহাল অবস্থা মোটেও গ্রহণযোগ্য নয়। রোগীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে হাসপাতালের ব্যবস্থাপনা ও সেবার মান দ্রুত উন্নত করা জরুরি।
তিনি আরও বলেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও সেবার মান নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, হাসপাতালের এই দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিতই থেকে যাবে।