অনলাইন ডেস্ক
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এ নিয়ে কোনো ধোঁয়াশা বা আশঙ্কার সুযোগ নেই।
রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের লিগ্যাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি জানান, নির্বাচন পেছানোর কোনো যুক্তি নেই। নির্দিষ্ট সময়েই ভোটগ্রহণ হবে এবং শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবঘন পরিবেশ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছে।
ড. আসিফ নজরুল আরও উল্লেখ করেন, দীর্ঘ প্রায় দেড় যুগ জাতীয় নির্বাচন না হওয়ায় জনগণের ভেতরে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। এই সময়ে প্রায় পাঁচ কোটি নাগরিক কখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। তাই আসন্ন নির্বাচন তাদের কাছে বিশেষ গুরুত্ব বহন করছে। সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে উৎসাহ বেড়েছে এবং অনেকে অধীর আগ্রহে নির্বাচনের অপেক্ষায় আছেন।
লিগ্যাল এইড অফিস পরিদর্শন করে তিনি জানান, আদালতের কাজের গতি বাড়াতে একজন বিচারকের স্থলে এখন তিনজন বিচারক দায়িত্ব পালন করবেন। এতে মামলার চাপ কমবে এবং বিচারপ্রক্রিয়া দ্রুত এগোবে।
তার ভাষায়, আদালত সংস্কার নিয়ে নানান উদ্যোগ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, যার সুফল জনগণ খুব শিগগিরই অনুভব করবে।
মতবিনিময় অনুষ্ঠানে আদালতের বিচারকবৃন্দ, পিপি-এপি ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সুত্রঃ বাসস