কাওছার আহমেদ,জেলা প্রতিনিধি, জামালপুর।
জামালপুরের বকশীগঞ্জে জোরপূর্বক জমি দখল ও প্রতারণার অভিযোগে শেখ ফরিদ নামে এক ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সচেতন নাগরিকরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় সচেতন মহলের লোকজন অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বকশীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা শেখ ফরিদ প্রশাসনের প্রভাব খাটিয়ে একের পর এক অনিয়ম ও অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাঁর বিরুদ্ধে জোরপূর্বক জমি দখল, প্রতারণা এবং বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে একাধিক ভুক্তভোগী পরিবার চরম দুর্ভোগ ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে বলে দাবি করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এসব অভিযোগের কারণে ভুক্তভোগী পরিবারগুলো নানা সমস্যার সম্মুখীন হলেও এখনো তাঁরা প্রত্যাশিত প্রতিকার পাননি। এ অবস্থায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
মানববন্ধন থেকে শেখ ফরিদ এবং তাঁর কর্মকাণ্ডে সহযোগিতা ও আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোর জমি-জমা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী উৎপল মহন্ত, শাহরিয়ার আহমেদ সুমন, সা’দ আহমেদ রাজু ও আদিল আব্দুল্লাহ। তাঁরা সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
তবে অভিযুক্ত শেখ ফরিদের বক্তব্য এ বিষয়ে পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।