অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে আজ সৌজন্য সাক্ষাতে মিলিত হন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এসময় তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট আয়োজনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সর্বশেষ প্রস্তুতি ও করণীয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সার্বিক প্রস্তুতি ও নির্বাচন পরিচালনায় গৃহীত উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। তিনি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণে নির্বাচন কমিশনকে এগিয়ে যেতে উৎসাহ দেন।
সিইসি’র সঙ্গে এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, কমিশনার আব্দুর রহমান এল মাছউদ, তাহমিদা বেগম, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। পাশাপাশি বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরাও সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।