মোঃ জয়নাল আবেদীন, ঠাকুরগাঁও বিশেষ প্রতিনিধি:
রাজনীতির মাঠে আবেগের গল্প নতুন কিছু নয়। কিন্তু সেই আবেগ যখন একজন সাধারণ মানুষের জীবিকা কেড়ে নেওয়ার উপক্রম করে, তখন তা হয়ে ওঠে গভীর মানবিক বেদনার কাহিনী। ঠাকুরগাঁও–২ (বালিয়াডাঙ্গী–হরিপুর) আসনের নির্বাচনী প্রচারণায় এমনই এক ব্যতিক্রমী অধ্যায়ের নাম মোঃ খাদেমুল ইসলাম।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহাড়া গ্রামের বাসিন্দা খাদেমুল ইসলাম। পিতা মৃত সলেমান আলি, মাতা মোছাঃ রহিমা বেওয়া। তিন বোনের একমাত্র ভাই তিনি। পৈতৃক সম্পদ বলতে আছে শুধু একটি বসতভিটা। আবাদি জমি নেই, বাড়তি কোনো আয়ের পথ নেই। কিস্তিতে কেনা একটি মিনি ডিস্ট্রিক্ট ট্রাকই তার জীবনের প্রধান অবলম্বন।
সংসারে এক ছেলে ও এক মেয়ে। ছোট ছেলে মোঃ ফাহিম উদ্দিন (৮) ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করছে। মেয়ে মোছাঃ খাদিজাতুল কুবরা (১৩) ঢাকার একটি হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত এবং ইতোমধ্যে ১২ পারা কোরআনের হাফেজা। স্ত্রী মোছাঃ ফেন্সি আক্তার ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত। দূরত্ব সত্ত্বেও দম্পতির একমাত্র লক্ষ্য—সন্তানদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত করা।
আবেগ থেকে শুরু, ব্যয়ে দেড় লাখের বেশি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ঠাকুরগাঁও–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুস সালামের প্রতি ভালোবাসা ও বিশ্বাস থেকেই খাদেমুল ইসলাম ধানের শীষ প্রতীকের প্রচারণায় ঝাঁপিয়ে পড়েন। নিজের একমাত্র আয়ের ট্রাকটি তিনি রূপ দেন বিশাল এক ধানের শীষে।
প্রায় ৯ হাজার টাকার ধান কিনে শুরু করেন সাজানোর কাজ। কাঠ কিনতে খরচ হয় আরও ৯ হাজার টাকা। ডেকোরেশন কাপড়, আঠা ও তারকাঁটায় ব্যয় হয় প্রায় ৩ হাজার টাকা। ৭ জন কাঠমিস্ত্রি ও ৭ জন শ্রমিককে দৈনিক ৭৫০ টাকা মজুরিতে নিয়ে টানা ৯ দিন ধরে চলে কাজ। ট্রাকের দুই পাশে নির্মাণ করা হয় দুটি শহীদ মিনারের আদলে নকশা, পেছনে তৈরি করা হয় স্মৃতিসৌধের প্রতিরূপ—সবই ধানের শীষ দিয়ে সজ্জিত।
এরপর শুরু হয় প্রচারণা। দৈনিক ৫০০ টাকায় মাইক ভাড়া, ৩ জন স্বেচ্ছাসেবকের পেছনে ৩০০ টাকা, জ্বালানিতে প্রায় ২,০০০ টাকা এবং খাবারে গড়ে ১,০০০ টাকা খরচ হয় প্রতিদিন। ৯ দিন সাজানো ও ৯ দিন প্রচারণা—মোট ১৮ দিনে তার ব্যয় দাঁড়ায় প্রায় দেড় লক্ষাধিক টাকা।
এই সময় ট্রাকটি ভাড়ায় চালালে প্রতিদিন প্রায় ৫,০০০ টাকা আয় হতো। সেই সম্ভাব্য আয় থেকেও বঞ্চিত হন তিনি।
বিজয়ের পরও স্বস্তি নেই
নির্বাচনের ফল ঘোষণার পর ধানের শীষ প্রতীকের প্রার্থী ডাঃ আব্দুস সালাম বিজয়ী হন। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি নিজ হাতে খাদেমুল ইসলামকে ২০ হাজার টাকা প্রদান করেন। কিন্তু ততদিনে দেনার বোঝা ভারী হয়ে গেছে।
কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় এখন শোরুম কর্তৃপক্ষ তার মিনি ট্রাক জব্দের চেষ্টা করছে বলে জানান স্থানীয়রা। কাজের অনিশ্চয়তা ও দেনার চাপ তাকে বাধ্য করেছে কখনও এখানে, কখনও সেখানে গোপনে অবস্থান করতে। নিয়মিত কিস্তি দিতে না পারায় নতুন কাজও ঠিকমতো পাচ্ছেন না।
ভক্তি না বাস্তবতা—কঠিন প্রশ্ন
খাদেমুল ইসলামের গল্প শুধু একজন ট্রাকচালকের ব্যক্তিগত দুর্দশা নয়; এটি গ্রামীণ রাজনৈতিক আবেগ, বিশ্বাস ও বাস্তবতার টানাপোড়েনের প্রতিচ্ছবি। ভালোবাসা ও আস্থার জায়গা থেকে তিনি যা করেছেন, তা নিঃসন্দেহে ব্যতিক্রমী। কিন্তু সেই সিদ্ধান্ত আজ তাকে অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করেছে।
গ্রামের মানুষ বলছেন, “খাদেমুল ভালো মানুষ। আবেগে যা করেছে, এখন সে বিপদে।”
একজন সাধারণ শ্রমজীবী মানুষের কাছে দেড় লাখ টাকা মানে বহু বছরের সঞ্চয়। সেই সঞ্চয়, সময় ও শ্রম ব্যয় করে তিনি চেয়েছিলেন প্রিয় প্রার্থীর বিজয়ে অবদান রাখতে। বিজয় এসেছে, কিন্তু তার নিজের জীবনযুদ্ধ আরও কঠিন হয়ে উঠেছে।
রাজনীতির মাঠে এমন ত্যাগের গল্প হয়তো প্রচারের আলো পায় না। কিন্তু নেংটিহাড়া গ্রামের খাদেমুল ইসলামের ধানের শীষে সাজানো ট্রাক আজও স্মরণ করিয়ে দেয়—আবেগের মূল্য কখনও কখনও খুব চড়া হতে পারে।