মোঃ আব্দুল রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় প্রতারকচক্র নতুন কৌশলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে সক্রিয় হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা তাঁর স্ত্রীর পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে ফোন দিয়ে টাকা দাবি করার ঘটনা সামনে এসেছে।
জানা গেছে, প্রতারকরা বিভিন্ন নাম্বার থেকে ফোন করে নিজেদের ইউএনও বা ইউএনও’র স্ত্রী পরিচয় দিয়ে সহানুভূতির মাধ্যমে অর্থ দাবি করছে। এতে বিভ্রান্ত হয়ে কেউ কেউ প্রায় ফাঁদে পড়ার উপক্রম হয়েছেন।
এই ধরনের প্রতারণা প্রতিরোধে সরাসরি সতর্ক বার্তা দিয়েছেন ইউএনও। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি পরিষ্কারভাবে বলেন, “আমি বা আমার সহধর্মিণী কোনো নাগরিকের কাছে কখনও টাকা চাই না। কেউ যদি এমন ফোন পান, তাহলে তা সম্পূর্ণরূপে ভুয়া এবং প্রতারণামূলক। দয়া করে কেউ প্রতারকদের কথায় বিভ্রান্ত হয়ে অর্থ লেনদেন করবেন না।”
তিনি আরও আহ্বান জানান, কেউ যদি এ ধরনের ফোনকল পান, তাহলে দ্রুত উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।
ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশে অনুরোধ জানানো হয়েছে, এ ধরনের প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্ক থাকুন, সচেতন হোন এবং অন্যদেরও সতর্ক করুন।