মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের মইদাম এলাকায় উপড়ে পড়া একটি শতবর্ষী বটগাছ দীর্ঘদিন ধরে প্রধান সড়কের ওপর পড়ে থাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এরই প্রতিবাদে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান ধর্মঘট করেছেন।
বুধবার (৩০ জুলাই) দুপুরে বটতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠসংলগ্ন সড়কে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুততম সময়ের মধ্যে গাছ অপসারণের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রুকনুজ্জামান রুকন, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক সরকার, স্থানীয় বাসিন্দা আবু সুফিয়ান পারভেজ, আজিজুল হক, সোবহান আলী, কামরুল ইসলাম, শামিম হোসেন, শিক্ষার্থী নাইম ও মইদাম উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবু বক্কর সিদ্দিক।
বক্তারা বলেন, গত ৫ জুলাই গাছটি উপড়ে পড়ে পুরো সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। এ সড়কটি দিয়ে মইদাম ও বাঁশজানী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন চলাচল করে থাকেন। কিন্তু দীর্ঘ এক মাস পার হয়ে গেলেও সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বারবার জানানো সত্ত্বেও তারা নিষ্ক্রিয় থেকেছেন। তাদের গাফিলতি ও অদক্ষতার কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া, রোগীদের চিকিৎসার জন্য যাতায়াত এবং কৃষকদের বাজারে পণ্য আনা-নেওয়া চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
রুকনুজ্জামান রুকন হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা জনগণের ভোগান্তির অবসান চেয়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি। ২৪ ঘণ্টার মধ্যে গাছ অপসারণ না হলে আমরা আরও কঠোর আন্দোলনে যাবো।”
এসময় মানববন্ধনে উপস্থিত হয়ে পাথরডুবি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির মিঠু দ্রুত গাছ অপসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে চাইলে বর্তমান ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর জানান, “আমি ইউএনও মহোদয়কে অবহিত করেছি। তিনি তহসিলদারকে দায়িত্ব দিয়েছেন। দুই-তিন দিনের মধ্যে গাছটি সরিয়ে ফেলা হবে।”
এদিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দীপ জন মিত্র বলেন, “গাছ অপসারণের প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত সড়ক থেকে গাছটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল করা হবে। দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে কাজটি সার্বক্ষণিক মনিটর করতে বলা হয়েছে।”
স্থানীয়দের প্রত্যাশা, কথায় নয়, এবার যেন বাস্তব উদ্যোগ গ্রহণ করে জনগণের দুর্ভোগের অবসান ঘটানো হয়।