মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘ডিবি পুলিশ’ সেজে প্রতারণার সময় ধরা পড়েছে একটি চক্রের দুই সদস্য। সোমবার (২৮ জুলাই) বিকেলে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকায় স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন—রংপুর সেন্ট্রাল রোড এলাকার আব্দুস সাত্তারের ছেলে মুশফিক (৩৫) এবং স্থানীয় বাসিন্দা আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান (৫৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এই চক্রটি নিজেকে ডিবি কর্মকর্তা পরিচয়ে নানা কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। এদিন তারা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাইফুর রহমানের বাড়িতে যান এবং তার স্ত্রী মিনারা খাতুনের কাছে দুই লাখ টাকা দাবি করেন। এমনকি একটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর দিতে চাপ প্রয়োগ করেন।
মিনারা খাতুন বিষয়টি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে তার স্বামী ও প্রতিবেশীদের অবহিত করেন। স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ধাওয়া দিয়ে নদীর পাড় থেকে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পুলিশ জানায়, আটক মুশফিকের বিরুদ্ধে এর আগেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। তিনি একবার রংপুরে পুলিশের পোশাক পরে এসআই সেজে র্যাবের হাতে ধরা পড়েছিলেন।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় আমরা দুই প্রতারককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”