মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা” অনুযায়ী ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যুবদলের উদ্যোগে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে ভূরুঙ্গামারী কলেজ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রচার কার্যক্রম পরিচালিত হয়। এ সময় যুবদলের নেতাকর্মীরা বাজারের দোকানপাট, অটোরিকশাচালক, পথচারী, ক্রেতা-বিক্রেতাসহ সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট পৌঁছে দেন।
এই কর্মসূচির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজিজুল হক। তাঁর সার্বিক তত্ত্বাবধানে ভূরুঙ্গামারী উপজেলা যুবদল এ কর্মসূচির আয়োজন করে।
লিফলেট বিতরণকালে যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম শান্ত, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিমুল হক সরকার (রাজু), যুগ্ম আহ্বায়ক শাহাদত হোসেন সোহাগসহ উপজেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজিজুল হক বলেন, “বর্তমান রাজনৈতিক অচলাবস্থা, বিচারহীনতা, প্রশাসনের দলীয়করণ ও সুশাসনের অভাবের কারণে সাধারণ মানুষ হতাশ। এই প্রেক্ষাপটে তারেক রহমান প্রণীত ৩১ দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা একটি সময়োপযোগী উদ্যোগ। আমরা শান্তিপূর্ণভাবে মানুষের হাতে এই দফাগুলো তুলে দিচ্ছি, যাতে তারা নিজেরাই বুঝে নিতে পারেন—বিএনপি কেমন রাষ্ট্র কাঠামো কল্পনা করছে।”
তিনি আরও বলেন, “বিএনপি কেবল সরকার পরিবর্তনের রাজনীতি করছে না; বরং একটি কার্যকর, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা উপস্থাপন করছে।”
যুবদল নেতারা জানান, ভবিষ্যতে এই কর্মসূচিকে উপজেলাজুড়ে ছড়িয়ে দেওয়া হবে এবং ইউনিয়ন পর্যায়েও সচেতনতামূলক প্রচার চালানো হবে। বিশেষ করে তরুণ সমাজের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরার পরিকল্পনা রয়েছে, কারণ তরুণরাই ভবিষ্যতের রাষ্ট্র নির্মাণে সবচেয়ে বড় শক্তি।