মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই হৃদয়বিদারক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি গভীর সহানুভূতি ও সমবেদনা জানান তিনি।
সোমবার (২১ জুলাই) বিকেলে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,
“মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার ঘটনাটি আমাকে গভীরভাবে মর্মাহত করেছে। যেসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাভাবিক বিকাশের সহায়ক পরিবেশ দেওয়ার কথা, সেখানে এমন ভয়ংকর ও মানসিকভাবে তীব্রভাবে নাড়া দেওয়া অভিজ্ঞতা কোনো শিক্ষার্থীর জন্যই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “আমি প্রার্থনা করি—এই ভয়াবহ ঘটনার প্রত্যক্ষদর্শী ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত সব তরুণ-তরুণী যেন দ্রুত সঙ্কট কাটিয়ে উঠতে পারে। একইসঙ্গে আমি বিএনপির নেতা-কর্মী এবং সব স্তরের সমাজসেবী ও পেশাজীবীদের প্রতি আহ্বান জানাই—এই সংকটময় মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে তাদের পাশে দাঁড়ান।”
তারেক রহমান বলেন, “আমরা একটি জাতি হিসেবে একসাথে এগিয়ে চলি—এই চেতনাই আমাদের পথ দেখাক। সম্মিলিতভাবে মানবিক মূল্যবোধ ও সহানুভূতির মাধ্যমে এই কঠিন সময় পার হতে হবে।”