এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ১ লাখ ২১ হাজার মানুষের স্বাস্থ্যসেবা চাহিদা থাকলেও চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। দীর্ঘ এক যুগ ধরে অনুমোদিত চারজন চিকিৎসক অনুপস্থিত থাকায় রোগীরা প্রত্যাশিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
খোঁজ নিয়ে জানা যায়, হাসপাতালটিতে অনুমোদিত চারজন চিকিৎসক—ডা. সাদিয়া আফরোজ, ডা. অমিত কুমার রায়, ডা. রেজাউল ইকবাল ও ডা. নাহিদা চৌধুরী দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন না। বর্তমানে কেবল একজন চিকিৎসক কর্তব্যরত থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
রোগীদের অভিযোগ, চিকিৎসক সংকট ছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষের নানা অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে তারা প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নিয়মিত অভিযোগ প্রকাশ হচ্ছে।
এছাড়া, গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত এনসিডি কর্নারে ওষুধ সংকট দেখা দিয়েছে। ফলে রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন,
“বর্তমানে হাসপাতালে মাত্র একজন চিকিৎসক কর্মরত আছেন। ৩১ শয্যার জনবল দিয়েই আমরা ৫০ শয্যার কার্যক্রম চালাচ্ছি। সম্প্রতি দুইজন চিকিৎসক ও ১২ জন নার্সকে পদায়ন করা হয়েছে, তবে তারা এখনো যোগদান করেননি।”
তিনি আরও জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এনসিডি কর্নারের জন্য ডিসেম্বর থেকে ওষুধ সরবরাহ না করায় রোগীদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।
হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রনদ্বীপ বিশ্বাস বলেন, “অনুমোদিত চারজন চিকিৎসক অনুপস্থিত থাকায় স্বাস্থ্য অধিদপ্তরকে লিখিতভাবে অবহিত করা হয়েছে। জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এনসিডি কর্নারে ওষুধ সংকট নির্ভর করে মন্ত্রণালয়ের সরবরাহের ওপর।”
তিনি আরও জানান, যদিও হাসপাতালটি ৩১ শয্যার অনুমোদিত, তবুও ৫০ শয্যার কার্যক্রম চালানো হচ্ছে এবং এ জন্য অতিরিক্ত জনবল বরাদ্দের বিষয়ে চিঠি চালাচালি চলছে।