এম এ ওয়াহেদ,
লাখাই উপজেলা প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রশিক্ষণপ্রাপ্ত গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ আনুষ্ঠানিকভাবে উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে কর্মরত ৫৬ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এসব উপকরণ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী শারমিন নওয়াজ, উপজেলা প্রকৌশলী এহতেশামুল হক, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা।
স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে বিতরণকৃত উপকরণগুলোর মধ্যে রয়েছে—বাইসাইকেল, জুতা, মোজা, ছাতা, লাঠি, বাঁশি, শীতের পোশাক, ইউনিফর্ম, আইডি কার্ড এবং সোলডার ব্যাজ।
এ সব উপকরণ পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা খুশি প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিকতার সাথে কাজ করার অঙ্গীকার করেন।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, গ্রাম পুলিশের কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে সরকার এই ধরনের উদ্যোগ গ্রহণ করছে, যাতে তারা পেশাগত দায়িত্ব আরও দক্ষতার সঙ্গে পালন করতে পারেন।