এম এ ওয়াহেদ,লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় হাঁসের খামারে হাঁস ক্রয়–বিক্রয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী–পুরুষসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে।
আহতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিলাল মিয়া (৩৪), ফিরোজ মিয়া (৩৫), হাফিজুল (৩৬), বাবুল মিয়া (৩৩), রহিম মিয়া (২৫), সাহানুর (৩৪), সাদিক মিয়া (৩০), হানিফ মিয়া (১৮), ইউনুস মিয়া (৩০), নয়ন মিয়া (১৮), জাকারিয়া (২৩), কাঞ্চন মিয়া (২৪), অলি উল্লাহ (১৪)সহ আরও অনেকে। আহতদের একটি অংশকে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহতরা নাসিরনগর ও হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ২৩ ডিসেম্বর লাখাই উপজেলার মোড়াকরি গ্রামের আফজাল, আবদাল ও বর্তমান ইউপি সদস্য মরম আলীর সঙ্গে হাঁসের খামারে ‘আওয়া হাঁস’ ক্রয়–বিক্রয় নিয়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয়ভাবে বিচার–সালিশের মাধ্যমে মীমাংসার কথা থাকলেও, এর আগেই রোববার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ব্যাপক মারধরের ঘটনা ঘটে।
সংঘর্ষের খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হকের নেতৃত্বে ওসি (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্রসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিনজন দাঙ্গাবাজকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— আব্দুর রহিম, তাজুল ইসলাম ও হাজী আহাম্মদ আলী। তাদের শনিবার হবিগঞ্জ জেলা সদরের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।
লাখাই থানার ওসি মো. জাহিদুল হক জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।