অনলাইন ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মৃত্যুকে দেশের রাজনৈতিক সংগ্রাম ও গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ‘অপূরণীয় ক্ষতি’ হিসেবে অভিহিত করেন।
ভাষণের শুরুতেই অধ্যাপক ইউনূস বলেন, তিনি দেশবাসীর সামনে দাঁড়িয়েছেন এক অত্যন্ত বেদনাদায়ক সংবাদ নিয়ে। তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান টেলিফোনে তাঁকে হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শরিফ ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে তিনি ছিলেন এক সাহসী ও আপসহীন কণ্ঠ। মহান আল্লাহ যেন তাঁকে শহিদের মর্যাদা দান করেন—এই কামনা জানিয়ে তিনি হাদির রুহের মাগফিরাত প্রার্থনা করেন এবং তাঁর স্ত্রী, একমাত্র সন্তান, পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ভাষণে অধ্যাপক ইউনূস ঘোষণা দেন, শহিদ ওসমান হাদির স্ত্রী ও সন্তানের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। পাশাপাশি তাঁর অকাল মৃত্যুতে আগামী শনিবার সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত জানানো হয়। ওই দিন দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
প্রধান উপদেষ্টা আরও জানান, শুক্রবার বাদ জুম্মা দেশের সব মসজিদে শহিদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও তাঁর স্মরণে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
চিকিৎসা সহায়তার জন্য সিঙ্গাপুর সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, হাদির চিকিৎসায় তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্ব দেখিয়েছে। তিনি বিশেষভাবে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণানের ভূমিকার প্রশংসা করেন, যিনি নিজেও একজন চিকিৎসক।
হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা দৃঢ় কণ্ঠে বলেন, এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি বা শৈথিল্য বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
ভাষণে ওসমান হাদিকে ‘প্রতিবাদের জীবন্ত প্রতীক’ আখ্যা দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, তাঁর জীবন ও সংগ্রাম দেশপ্রেম, ধৈর্য এবং দৃঢ়তার অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, এই শোকের সময়ে সবাই যেন ধৈর্য ও সংযম বজায় রাখে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারভাবে তদন্ত পরিচালনার সুযোগ দেয়। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ—এ কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ওসমান হাদি ছিলেন পরাজিত ফ্যাসিস্ট সন্ত্রাসীদের দৃঢ় প্রতিপক্ষ।’ তাঁর কণ্ঠ স্তব্ধ করে ভয় দেখানোর চেষ্টা ব্যর্থ হবে উল্লেখ করে তিনি বলেন, ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাত দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো যাবে না।
গণতান্ত্রিক উত্তরণের ধারাবাহিকতায় শহিদ হাদির ভূমিকার কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, আসন্ন নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনে অংশ নেওয়ার স্বপ্ন ছিল তাঁর। দুঃখজনকভাবে সেই স্বপ্ন অপূর্ণ রয়ে গেল।
শেষে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। অপপ্রচার ও গুজবে বিভ্রান্ত না হয়ে, হঠকারী সিদ্ধান্ত থেকে বিরত থেকে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে হবে। এটিই হবে শহিদ শরিফ ওসমান হাদির প্রতি জাতির প্রকৃত শ্রদ্ধা।