বিমল কুমার রায়, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার ঐতিহ্যবাহী বদেশ্বরী শক্তিপীঠ মন্দিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারাদেশের সনাতনী সমাজ প্রমাণ করেছেন—তারা কোনো নির্দিষ্ট দলের নয়; তারা দেশ ও স্বাধীনতার পক্ষে। যে দল দেশের স্বার্থ, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলে, সনাতনী সমাজ সেই পক্ষেই অবস্থান নেয়। একাত্তর ও স্বাধীনতার প্রশ্নে তারা আপসহীন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সনাতনী সমাজের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আজাদ আরও বলেন, ১২ তারিখের নির্বাচন ছিল দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ছিল দেশ ও স্বাধীনতার পক্ষ ও বিপক্ষের শক্তির মধ্যকার লড়াই। এ নির্বাচনে ভোর ৬টা থেকে বোদা-দেবীগঞ্জের সনাতনী দাদা-দিদিরা ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে শতভাগ ভোট দিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে রায় দিয়েছেন। তাঁদের এই অকুণ্ঠ সমর্থনই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সনাতনীদের এই অবদান আমি সারাজীবন কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব।
তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীরও সনাতনী সমাজের এই অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, “আপনারা আমার প্রতি যে বিশ্বাস ও আস্থা রেখেছেন, আমাকে বিজয়ী করেছেন—এখন আপনাদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য পালনের পালা। আপনারা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় পূজা-অর্চনা করতে পারেন এবং সুন্দর, সাবলীল ও উন্নত জীবনযাপন করতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে আমি সর্বাত্মক চেষ্টা করব। আমার জন্য আপনারা দোয়া ও আশীর্বাদ করবেন।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদেশ্বরী শক্তিপীঠের সভাপতি মুকুল কুমার বকশী, পঞ্চগড় জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কুমার রায়, দেবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হরিশ চন্দ্র রায়, পাচপীর ইউপি চেয়ারম্যান অজয় রায়, দেবীডুবা ইউপি চেয়ারম্যান পরেশ চন্দ্র রায়, পামুলী ইউপি চেয়ারম্যান মনিভূষণ রায়সহ দেবীগঞ্জ ও বোদা উপজেলার বিএনপি নেতৃবৃন্দ।