মোঃ মকবুলার রহমান
ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
ট্রেনে কাটা পড়ে মোঃ ওলিয়ার রহমান নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি নীলফামারীর ডোমার উপজেলার ১ নং ভোগডাবুড়ি ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের সীমান্তপাড়ার বাসিন্দা। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, মোঃ ওলিয়ার রহমান প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে, বিশেষ করে আত্মীয়দের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ নিয়ে পরিবারের সদস্যরা বেশ উদ্বিগ্ন ছিলেন। এরই মধ্যে হঠাৎ তাঁর ট্রেনে কাটা পড়ে মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছালে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ১৪ নভেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে তিনি সান্তাহার রেলওয়ে স্টেশনে রেললাইন পারাপারের সময় ট্রেনের নিচে কাটা পড়ে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
নিহত মোঃ ওলিয়ার রহমান মরহুম তোফাজ্জল হোসেনের ছোট ভাই। দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন তিনি। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
এদিকে রেলওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে বলে জানা গেছে।
এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর দূরবর্তী সান্তাহার রেলওয়ে স্টেশনে তাঁর মৃত্যুর খবর পাওয়া পরিবারের জন্য অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছে। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।