মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি অসুস্থতা অনুভব করলে তাৎক্ষণিকভাবে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ টি এম শামসুল হুদার ভগ্নিপতি আশফাক কাদেরী গণমাধ্যমকে জানান, মরহুমের কন্যা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তিনি দেশে ফিরে আসার পর জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তাকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন এক শোক বার্তায় গভীর শোক প্রকাশ করে জানায়, শামসুল হুদা ২০০৭ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই অনুষ্ঠিত হয় বহুল আলোচিত নবম জাতীয় সংসদ নির্বাচন।
১৯৪২ সালে ফরিদপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন এই প্রশাসক। কর্মময় জীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার প্রতীক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। একজন নিরপেক্ষ ও বিচক্ষণ সিইসি হিসেবে তার অবদান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে থাকবে।