মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
নেতার ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে লিখেছেন—
“আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
অসুস্থতা ও চিকিৎসা
গত ২৭ সেপ্টেম্বর বিকেলে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নূরুল মজিদ। দ্রুত তাকে ঢামেক হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
গ্রেফতার ও মামলার পটভূমি
২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র্যাব তাকে গ্রেফতার করে। পরদিন আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলা, সহিংসতা ও হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। ওই মামলাতেই তিনি অভিযুক্ত ছিলেন।