অনলাইন ডেস্ক:
সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওসমান হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে (এসজিএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত ডা. আব্দুল আহাদ এক ভিডিও বার্তায় জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে পাওয়া তথ্যমতে শহীদ ওসমান হাদি আর আমাদের মাঝে নেই। তিনি আরও বলেন, হাদির মরদেহ শুক্রবার সকালে বাংলাদেশে আনার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাঈদ হাসানও মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটেই ওসমান হাদি মৃত্যুবরণ করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ছিলেন। গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টনের কালভার্ট রোড এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে তিনি গুরুতর আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। তবে সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন এই সাহসী রাজনৈতিক কর্মী ও আন্দোলনের মুখপাত্র।