এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধিঃ
গনভোট সংক্রান্ত বিষয়ে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার প্রতিনিধিদের অংশগ্রহণে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে দিনব্যাপী ‘সুজনবন্ধু’ প্রশিক্ষণ কর্মশালা।
"গণভোটে অংশ নিন, দেশ গঠনের মত দিন" — এই স্লোগানকে সামনে রেখে নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে একদল উদ্যমী তরুণ-তরুণীকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়।
বুধবার (২৮ জানুয়ারি) শহরের সুরবিতান হলরুমে ‘সুজন-সুশাসনের জন্য নাগরিক’ সুজন বন্ধু হবিগঞ্জ জেলার আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু ছিল
আসন্ন গণভোট ২০২৬-কে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণে সংস্কার ও পরিবর্তনের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে গোলাপী রঙের ব্যালটে ‘হ্যাঁ/না’ ভোট প্রদানের প্রক্রিয়া এবং দেশ গঠনে নাগরিক সিদ্ধান্তের প্রভাব সম্পর্কে ২০ জন তরুণ প্রতিনিধিকে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের উৎসাহিত করেন সুজন হবিগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন।
তিনি তার বক্তব্যে বলেন, "সুশাসন ও গণতন্ত্রের চর্চায় তরুণ প্রজন্মের অংশগ্রহণ অপরিহার্য। আজকের এই প্রশিক্ষণ আমাদের আগামীর পথচলায় একটি নতুন মাত্রা যোগ করবে।" পুরো ক্যাম্পেইন প্রশিক্ষণটি পরিচালনা করেন সুজন বন্ধু হবিগঞ্জ জেলা ফেসিলেটেটর মোতালিব তালুকদার দুলাল।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী উপজেলা প্রতিনিধিরা জানান, মাঠ পর্যায়ে নাগরিক অধিকার এবং ভোটাধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে তারা সক্রিয় ভূমিকা পালন করবেন। সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রসারে সুজনবন্ধুদের এই যাত্রা জেলাজুড়ে অব্যাহত থাকবে বলে আয়োজক সূত্রে জানানো হয়েছে।